পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ ও কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে সাংবাদিক পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। তাদের মধ্যে রিয়াজ নিজেকে ‘ক্রাইম পেট্রোল’ পত্রিকার প্রতিনিধি এবং শহীদ নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দুজনকে কক্ষের বাইরে প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি নজরে আসে।
পরে তাদের একজন রিয়াজ উদ্দিনের বুক পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এনডিসির দাবি, ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও ধারণ চলছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরের কার্যক্রম গোপনে ধারণ করা হচ্ছিল বলে জানান তিনি।
আকিব রায়হান আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় দুজন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপর তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
তবে আটক দুজনের দাবি, একটি অভিযোগ নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগের বিষয়ে একাধিক কর্মকর্তার কাছে পাঠানোর কারণে তারা হয়রানির শিকার হন বলে দাবি করেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।
গোপনে ভিডিও ধারণের কারণ জানতে চাইলে রিয়াজ ও শহীদ বাদশা সবুজ বিষয়টি ভুল হয়েছে বলে জানান।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত