আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। মনোনয়ন প্রকাশের পর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ও সন্ধ্যায় বাউফলের বিভিন্ন সড়কে ধানের শীষের প্রার্থী শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে পৃথকভাবে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের দুইটি অংশ।
স্থানীয় সূত্র জানায়, বাউফলের বিএনপি রাজনীতি বর্তমানে তিনটি ভাগে বিভক্ত।একাংশের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার।দ্বিতীয় অংশের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন।তৃতীয় অংশটির নেতৃত্বে আছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার।
যদিও মুনির হোসেন ও ইঞ্জিনিয়ার ফারুক সরাসরি মাঠের কর্মসূচিতে নেই, তবে তাদের অনুসারীরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিচ্ছে। মুনির হোসেনপন্থীদের মিছিলে নেতৃত্ব দেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার। অন্যদিকে, ফারুক আহমেদপন্থী আন্দোলনে নেতৃত্ব দেন বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী পলাশ।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করছেন , ২০০৮ সালের নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শহিদুল আলম তালুকদার। তাই তাকে পুনরায় মনোনয়ন দিলে দলীয় ঐক্য ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।
শনিবার বিকেল, রবিবার বিকেল ও সন্ধ্যায় দুটি গ্রুপ পৃথকভাবে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্লোগান দেন এবং কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।
অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত