পটুয়াখালীর বাউফল পৌর শহরে রুমান মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের ভিআইপি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিআইপি সড়কে মনিরুজ্জামান নান্নুর ভবনে পাইলিং বসানোর কাজে নিযুক্ত ছিলেন ফরিদপুর জেলার ৮ শ্রমিক। প্রতিদিনের মতো তারা ভবন মালিকের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতের খাবার খাওয়ার সময় সহকর্মী রহিম শেখের কাছ থেকে রুমের চাবি নিয়ে আসেন রুমান।
সহকর্মীরা জানান, খাবার শেষে রুমে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, রুমান গলায় রশি দিয়ে ঝুলে আছেন।
বাড়ির মালিক নান্নু বলেন, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশে যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত