পটুয়াখালীর বাউফলে ১০ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিরুদ্ধে । কানে ব্যথায় অসুস্থ হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই শিশুকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী হামিম (১০) মোবাইল ফোনে খেলার ছলে ভিডিও ধারণ করলে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তার কাছ থেকে ফোনটি নিয়ে নেন এবং কানে কয়েকটি চড় মারেন। এতে শিশুটি কানে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
শিশুর বাবা কবির মোল্লা জানান, পুলিশের হুমকির ভয়ে তারা বিষয়টি গোপন করেছিলেন। কিন্তু শনিবার রাতে ছেলের তীব্র ব্যথা শুরু হলে বাধ্য হয়ে হাসপাতালে আনেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে মারধরের পর পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হলে গ্রামবাসীর বাধার মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত এসআই মাসুদুর রহমান বলেন, জমাজমি সংক্রান্ত ঘটনায় সেখানে গেলে শিশুটি আমাদের ভিডিও করছিলো। মারধরের অভিযোগ সঠিক নয়, শুধু মোবাইল ফোনটি নিয়েছি।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, শিশুটির কানে আঘাতজনিত ব্যথা রয়েছে, তাকে নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে এসআই মাসুদুর রহমানের সাথে কথা হয়েছে। সে স্বীকার করেছে, শিশুটির মাথা ধরে ঝাঁকি দিয়ে মোবাইল ফোন নিয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত