প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ৪:০৮ পি.এম
বাউফলে সেনাবাহিনীর জিওসির মতবিনিময়
একটি প্রেক্ষাপটের পরিবর্তনের পর সার্বিক বিষয় নিয়ে সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখেন, বাউফল প্রেসসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, আসাদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মুনতাসির তাসরিফ ও সামিয়া আক্তার।
মতবিনিময়ে জিওসি পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ায় দেশের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশ বিভাগের কর্মবিরতীর কারণে তারাও মাঠে থাকতে পারেননি। এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে।
তিনি বলেন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-ঘাট দখল করলে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। জন্মাষ্টমী ও দুর্গা পূজায় সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সেবা দিয়ে দেশ গঠনে সহায়তা করুন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত