ভোটের অধিকার রক্ষায় কেন্দ্র পাহারা দিয়ে, এমনকি প্রয়োজন হলে কেন্দ্রের পাশে দেয়াল তৈরির মাধ্যমে ভোটের অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রার্থী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বাউফলের মূলভূখণ্ড বিচ্ছিন্ন ১৫ নম্বর চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরে গণসংযোগকালে একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মাসুদ বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নাম। আমরা আল্লাহর জমিনে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সোনার মানুষ গড়ে তুলতে চাই—যারা দুর্নীতি, চাঁদাবাজি, ভূমি দখলদারিত্বমুক্ত সোনার বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দুর্নীতি ও ভূমি দখল এখনো বন্ধ হয়নি। চন্দ্রদ্বীপের অনেক নদীভাঙন কবলিত ভূমিহীন মানুষের জমি কতিপয় রাজনৈতিক ভূমিদস্যু দখল করে রেখেছে। আমরা প্রশ্ন করতে চাই, দেশ স্বাধীন হলো—ভূমি স্বাধীন হলো না কেন?”
জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণ হারানো নেতাকর্মীদের স্মরণ করে ড. মাসুদ বলেন,
“আমাদের দেড় হাজারেরও বেশি ভাইবোন জীবন দিয়েছে, ৪০ হাজারের মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে—রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখনো চন্দ্রদ্বীপের মানুষের জমি স্বাধীন করতে পারিনি।”
তিনি আরও বলেন, “যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, সৎ মানুষের শাসন না আসে, তাহলে দেশের প্রকৃত স্বাধীনতা আসবে না। দুর্নীতি, ভূমি দখল ও বঞ্চনা থেকে মুক্তি পেতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে।”
বিশ্ববিদ্যালয় রাজনীতির প্রসঙ্গ টেনে জামায়াত নেতা বলেন,
“ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সৎ, দেশপ্রেমী তরুণ নেতৃত্বের ওপর ছাত্র ও অভিভাবকরা আস্থা রাখছে। একইভাবে আসন্ন জাতীয় নির্বাচনে জনগণও জামায়াতে ইসলামীকে বিশ্বাস করবে ইনশাআল্লাহ। কেউ যদি আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তবে মনে রাখবেন—বিশ্ববিদ্যালয়ের মতো ভোট কেন্দ্র পাহারা দিয়ে, কেন্দ্রের পাশে দেয়াল তুলে আমরা ভোটের অধিকার রক্ষা করব।”
চন্দ্রদ্বীপ ইউনিয়নের উন্নয়ন বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি চিকিৎসা সেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, মাওলানা আব্দুদ দাঈয়ান, আতিকুর রহমান নজরুল, কামরুজ্জামান কাজলসহ স্থানীয় জামায়াত নেতারা তার সঙ্গে ছিলেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত