বাউফলে নারীকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতানোর অভিযোগে কাউসারের বিরুদ্ধে
- আপডেট সময় : ১২:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৬৫৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনসার হাওলাদারের ছেলে মোহাম্মদ কাউসারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন কেরানীগঞ্জের নাসিমা আক্তার নামের এক নারী। গত ২৮ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি (মামলা নং-২৪৪) দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের সুবাদে নাসিমার স্বামীর বাসায় আসা-যাওয়ার সময় কাউসারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ১৫ জানুয়ারি স্বামী ও সন্তানদের অনুপস্থিতিতে বিয়ের প্রলোভন দেখিয়ে নাসিমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত করেন কাউসার। পরবর্তীতে প্রায় পাঁচ বছর ধরে তারা অন্য একটি বাসায় একসঙ্গে বসবাস করেন। এ সময় নাসিমা আক্তার তার বাবার বাড়ির জমি বিক্রি করে ব্যবসার জন্য কাউসারকে প্রায় ১৫ লাখ টাকা দেন।
কিন্তু একপর্যায়ে কাউসার নাসিমাকে ফেলে রেখে অন্যত্রে চলে যান। নাসিমার হাতে কাউসারের কিছু জামাকাপড়, ভোটার আইডি কার্ড ও চেকের কপি প্রমাণ হিসেবে রয়েছে। এ অবস্থায় গত ১১ জুন নাসিমা কাউসারের গ্রামের বাড়ি কালাইয়া এসে অবস্থান নেন। পরদিন বাউফল থানা পুলিশ আপস-মীমাংসার চেষ্টা করে তাকে থানায় নিয়ে যায়, তবে কাউসার উপস্থিত হননি। পরবর্তীতে নাসিমা আদালতে মামলা করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, “কোর্টের নির্দেশে মামলা নেওয়া হয়েছে, বর্তমানে তদন্ত চলছে।”
অভিযুক্ত মোহাম্মদ কাউসারের ব্যবহৃত নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।


















