বাউফলে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, সালিশি বৈঠকে সংঘর্ষে আহত-৮
- আপডেট সময় : ১০:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৬২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী মারধরের শিকার হয়েছেন। পরে বিষয়টি মীমাংসার জন্য ডাকা সালিশি বৈঠকেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া বাজারের হেমায়েত মিয়ার বাসভবনে চলমান সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ২টার দিকে বাজারের ব্যবসায়ী স্বপন তার কাছে থাকা ৩৩ হাজার টাকা পাওনা দাবি করেন নাসিরের কাছে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পরে নাসিরের ভাই ও শ্রমিক ফেডারেশনের নেতা কাওসার এসে স্বপনকে মারধর করেন।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এ লক্ষ্যে হেমায়েত মিয়ার বাসায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় ব্যবসায়ী আরাফাত কথা বললে কাওসারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বিচার সালিশ চলাকালে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











