বাউফলে পারিবারিক বিরোধে গৃহবধূর আঙুল ছিঁড়ে নিলো জা
- আপডেট সময় : ০৮:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৮৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাবনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাবনুর মৃত খালেক হাওলাদারের ছেলে আল-আমীনের স্ত্রী। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালেক হাওলাদারের তিন ছেলে ইউনুস, খোকন ও আল-আমীন একই বাড়িতে বসবাস করেন। এদিন রান্নাঘর ব্যবহারের বিষয় নিয়ে আল-আমীনের স্ত্রী শাবনুর আক্তার ও বড় জা ইউনুসের স্ত্রী রুমা বেগমের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রুমা বেগম বটি দিয়ে শাবনুরের মাথায় আঘাত করেন। আহত শাবনুর ঠেকাতে গেলে রুমা বেগম তার বাম হাতের অনামিকা আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন।
শ্বাশুরী নুরজাহান বেগম বলেন, “আমার সামনেই বড় বউ ছোট বউকে কোপ দেয় এবং আঙুল কামড়ে নেয়। আমি বাঁচাতেপারিনি।”
অভিযুক্ত রুমা বেগম অবশ্য অভিযোগ অস্বীকার করে জানান, “আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে ঠিকই, তবে কে কীভাবেআহত হলো আমি জানি না।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত বলেন, “শাবনুরের মাথায়আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বাম হাতের আঙুলের কিছু অংশ পাওয়া যায়নি।”
এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















