বাউফলে- আ’লীগ সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণা
- আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ৪৪৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কাজের প্রচারণা লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান ক্ষমতাসীন সরকারের উন্নয়নের অগ্রযাত্রা গণমানুষকে জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পথসভার মাধ্যমে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে জনগণকে আহবান জানানো হয়েছে। মো. জিয়াউল হকের নেতৃত্বে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বগা, সূর্যমণি, কালিশুরি, কনকদিয়া, নওমালা ও আদাবারিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে উন্নয়ন মূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করা হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়৷ বাউফল পৌরসভাসহ ১৫ ইউনিয়নে ধারাবাহিক ভাবে এই কর্মসূচি পালন করা হবে।
উন্নয়ন মূলক প্রচারণা ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন ফরাজী, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এসএম ইউসুফ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গলী, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক বলেন, ‘ শেখ হাসিনার নেতৃত্বেই বিনির্মান হবে আগামীর স্মার্ট বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রার প্রচারণা ও পথসভার মাধ্যমে আমরা জনগণের কাছে নৌকায় ভোট প্রদানের আহবান জানাচ্ছি। জনগণ সরকারের এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করেন তাহলে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার সারথি হবো।’


















