বাউফলের লামিয়া বেগমের কোলে একসঙ্গে পাঁচ নবজাতক
- আপডেট সময় : ০৫:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৪৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া বেগম (২২) নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। লামিয়া বেগম উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংগাখালি বাহেরচর গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে পাঁচ নবজাতকের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রসব বেদনা উঠলে লামিয়া বেগমকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন।
ডা. মশিউর রহমান বলেন, “একসঙ্গে পাঁচ শিশুর জন্ম একটি বিরল ঘটনা। তবে সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্যও আনন্দের খবর।”
লামিয়া বেগমের চাচা রাফসান আলম রিজন বলেন,
“আমরা আল্লাহর অশেষ রহমতে খুবই খুশি। একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম আমাদের পরিবারের জন্য এক অনন্য আশীর্বাদ। প্রথমে সবাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কৃপায় মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছে। “


















