জোবায়েদ হত্যার বিচারের দাবিতে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৪২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী জোবায়েদকে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু নৃশংসই নয় ,গণতান্ত্রিক আন্দোলনের উপর এক নির্মম আঘাত। আমরা এর বিচার চাই, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাউফল থেকে শুরু করে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ,বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, মিজান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান প্রমুখ।


















