বাউফলে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৮৩ বার পড়া হয়েছে

বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল পাবলিক মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদারসহ আরও অনেকে। বক্তারা বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠটি শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের বিনোদনের একমাত্র স্থান। এখানে মেলা বসানোর কারণে মাঠের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেলার শব্দদূষণ ও বিশৃঙ্খলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়বে। পাশাপাশি মেলার কারণে পরিবেশ দূষণ, মলমূত্র ত্যাগ, এবং যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়বে।
তারা জানান, পাবলিক মাঠের আশপাশে রয়েছে হাসপাতাল, মসজিদ, মাদরাসা ও শিশুদের বিদ্যালয়। এমন সংবেদনশীল এলাকায় মেলা আয়োজন অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মেলা বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, মানববন্ধন চলাকালে মেলার কয়েকজন আয়োজক অংশগ্রহণকারীদের হুমকি দিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে।


















