বাউফলে পল্লী মেলায় তরুণীদের উত্যক্ত: অফিস ভাঙচুর, নিরাপত্তাকর্মীকে মারধর
- আপডেট সময় : ১২:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৮১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল শহরের যুবকের মাঠে অনুষ্ঠিত একটি পল্লী মেলায় তরুণীদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে মেলার নিরাপত্তাকর্মী মিজানুর রহমান (২২) গুরুতর আহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাশপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফয়েস নামের এক যুবকসহ ৮–১০ জন যুবক মেলায় আসা কয়েকজন তরুণীকে উত্যক্ত করে। এ সময় মেলার নিরাপত্তাকর্মী মিজানুর রহমান তাদের সতর্ক করলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে ওই যুবকরা মিজানুর রহমানকে বেধড়ক মারধর করে।
আত্মরক্ষার জন্য নিরাপত্তাকর্মী মিজানুর রহমান মেলার অফিস কক্ষে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে দ্বিতীয় দফায় তাকে মারধর করে।
এ সময় বিক্ষুব্ধ যুবকরা মেলার অফিস কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে মেলাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল দেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর থেকে বাউফল শহরের যুবকের মাঠে অনুমোদনবিহীনভাবে এ পল্লী মেলা চলে আসছে। স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের ব্যানারে মেলাটি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, মেলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই সেখানে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে গেছে।
এলাকাবাসী দ্রুত এই অনুমোদনবিহীন মেলা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


















