মানসিক ভারসাম্যহীনতায় বিপর্যস্ত বাউফলে জাহাঙ্গীর সিকদার, সহনশীল আচরণের আহ্বান পরিবারের
- আপডেট সময় : ১০:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৩১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার পৌরশহরের ৮নং ওয়ার্ড বাংলাবাজার এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর সিকদার (৬৬) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি মৃত মোঃ আব্দুল মন্নান সিকদারের বড় ছেলে এবং এলাকায় ‘বড় মেয়া’ নামে পরিচিত।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তবে গত বছর তার বাবা মন্নান সিকদার মারা যাওয়ার পর থেকে তার মানসিক অবস্থা আরও অবনতি ঘটে এবং বর্তমানে তিনি অনেকটাই ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
স্থানীয়রা জানান, অনেক সময় তিনি অযথা হাসি-ঠাট্টা কিংবা অস্বাভাবিক ও অসামাজিক আচরণ করে থাকেন। পরিবারের পক্ষ থেকে তাকে গত কয়েক মাসে একাধিকবার চিকিৎসকের কাছে নেওয়া হলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থতা পাওয়া যায়নি।
জাহাঙ্গীর সিকদারের পরিবার জানায়, তার বর্তমান অবস্থার কারণে তাকে বাসায় আটকে রাখাও সম্ভব হচ্ছে না। এরই মধ্যে তিনি বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন, যার ফলে অযথা হয়রানি ও মানহানির শিকার হতে হয়েছে তার স্বজনদের।
পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, তার এমন অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এজন্য তার আচরণের কারণে কারও অসুবিধা হলে পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাওয়া হয়েছে।
একই সঙ্গে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ তাকে দেখলে যেন সহনশীল আচরণ করেন এবং বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।



















