ওসমান হাদিকে গুলি করা অভিযুক্ত ফয়সালের বাড়ি বাউফলে
- আপডেট সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৯০২ বার পড়া হয়েছে

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় বলে জানা গেছে।
পুলিশের পিসিআর (PCR) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির। তবে বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করতেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে জানা গেছে।
ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টসংক্রান্ত তথ্য ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় সংঘটিত ওই ঘটনায় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তের বাড়ি বাউফলে এ তথ্য প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পুরো ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


















