সংবাদ শিরোনাম :
বাউফলে জমি নিয়ে বিরোধ,প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ৬১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি হিন্দু পরিবারে নারীসহ তিনজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।আজ বুধবার সকালে বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রতিপক্ষ ফারুক সিকদার (৪৮), কবির সিকদার (৪৫), হারুন সিকদারসহ (৪০)কয়েকজন তাদেরকে পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত পরেশ বিশ্বাস (৩৫) জানান, বগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্দনবাড়িয়া গ্রামের ৩২০ নং খতিয়ানের ৩৯১৪, ৩৯১৫, ৩৯১৭সহ আরো কয়েকটি দাগের ৬০ শতাংশ জমি পৈত্রিক আমল থেকে তারা চাষাবাদ করে আসছেন। ঘটনার দিন (বুধবার) সকালে তিনি ওই জমি চাষ গেলে একই এলাকার ফারুক সিকদার, কবির সিকদার, হারুন সিকদারসহ কয়েক ব্যক্তি এসে তাকে জমি চাষে বাধা দেয়।এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
তার ডাকচিৎকার শুনে বাড়ি থেকে মানবিকা বিশ্বাস (৫০) ও পলাশি বিশ্বাস (৩০) তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে হারুন সিকদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


















