বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ
- আপডেট সময় : ০২:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের সহায়তায় ঢেউটিন ও গৃহ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক তুলে দেন বাউফল-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, এলাকায় ফায়ার সার্ভিস সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ। কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল মোরশেদ মুরাদ।
এ সময় জানানো হয়, উপজেলার ১০টি পরিবারের প্রত্যেককে দুই বান (১৬ পিস) করে ৯ ফুট উচ্চতার ঢেউটিন এবং গৃহ মঞ্জুরি বাবদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ মানবিক সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব করে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।











