বাউফলে নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৩২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির। রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার কালাইয়া বন্দর বাজার এলাকা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কালাইয়া বন্দরের বিভিন্ন পয়েন্ট ঘুরে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং শেষে গরু হাট বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল অগ্রসর করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মাসুম বিল্লাহ পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। তাদের এমপি, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অনেকেই দেশ ছেড়ে বা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার বাউফলে তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—তাদের এক বিন্দু পরিমাণও এখানে দাঁড়াতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের চূড়ান্তভাবে প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষার আন্দোলন করে আসছে। যারা অতীতে অন্যায়-অত্যাচারের সঙ্গে জড়িত ছিল, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও জোরদার করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব ফিরোজ আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ পঞ্চায়েত, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদল সভাপতি জসিম পঞ্চায়েতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি পুনরায় সক্রিয় হওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা গেলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


















