বাউফলে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাত
- আপডেট সময় : ১০:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ৭৩৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চ ঘাট এলাকায় বগা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মীরের(৩৫) ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছ। আজ শনিবার রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রায় ২০-৩০ মিনিট ধরে এ হামলা চালানো হয়।
জুয়েল মীর অভিযোগ করেন, বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসানের নির্দেশে এবং তার উপস্থিতিতে ২০-২৫ জন সন্ত্রাসীরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ব্যবসাপ্রতিষ্ঠানের একটি ফ্রিজসহ প্রায় ২ লাখ টাকার মালামাল ভাংচুর করে। হামলাকারীরা এসময় প্রতিষ্ঠানের ক্যাশ থেকে নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়।
জুয়েল মীর আরও অভিযোগ করেন, বগা তদন্ত কেন্দ্রের টহল পুলিশের উপস্থিতিতে এ হামলা চালানাে হলেও পুলিশ এগিয়ে আসেনি। এ ঘটনায় জুয়েল মীরের ভাগ্নে ইয়াসিনমোল্লা(২৩) ও সেজ ভাই রাজিব(২৫) আহত হয়। এর মধ্যে ইয়াসিনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান তার নির্দেশে ও উপস্থিতিতে হামলা চালানোর বিষয় অস্বীকার করে বলেন, হামলার ঘটনা সাজানো। তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে বগা তদন্ত কেন্দ্রের সরকারী মোবাইল নম্বরে ফোন দেয়া হলে দীর্ঘ সময় ধরে বিজি পাওয়া গেছে।


















