বাউফলে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০২:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৬৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘর নির্মাণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিক হোসেন জানান, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তারা পরিবার-পরিজন নিয়ে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। ২০১২ সালে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সরকারি বরাদ্দে রাস্তার মাটি কেটে সংস্কার করেন। এরপর থেকেই এটি স্থানীয়দের প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
কিন্তু শুক্রবার সকালে হঠাৎ পাশের বাড়ির বেল্লাল হোসেন ও সিকান্দার ফরাজীর লোকজন রাস্তার মাঝখানে একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করেন এবং রাস্তায় কলাগাছ রোপণ করেন। বাঁধা দিতে গেলে রফিক হোসেনকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রফিক হোসেন আরও বলেন, “আমাদের বাড়িতে চারটি পরিবারে প্রায় ৬০-৬৫ জন মানুষ বসবাস করি। এখন যাতায়াতের আর কোনো রাস্তা নেই। তারা বেড়া দিয়ে পুরো পথ আটকে দিয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত বেল্লাল হোসেন বলেন, “আমাদের দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলেছি।”
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


















