বাউফলে ৩৫ কেভি ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন পুরো এলাকা-চরম ভোগান্তি
- আপডেট সময় : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৩২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার ঘের সংলগ্ন স্থান থেকে একটি ৩৫ কেভি (KV) ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে সংঘটিত এই চুরির পর থেকেই পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমারটি চুরি হওয়ার ফলে হাজিরহাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ না থাকায় পানির সংকটসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু বা অসুস্থ ব্যক্তি রয়েছেন, তাদের অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জড়িত চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশায় রয়েছেন।


















