যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন অভিনেতা মিলন
- আপডেট সময় : ১০:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আন্তর্জাতিক অঙ্গনে বড় সম্মাননা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে তিনি পেয়েছেন এ বছরের ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ২০২৫’। মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করেছে আন্তর্জাতিক সংগঠন চার্চ অব সায়েন্টোলজি।
পুরস্কার হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ায় মিলন কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “আমি কৃতজ্ঞ চার্চ অব সায়েন্টোলজির কাছে, যারা আমাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে। তবে এই সম্মান আসলে লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং অ্যাকাডেমির সব সদস্যদের।”
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন মিলন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং দেশীয় শোবিজ অঙ্গনের ব্যস্ততা থেকে দূরে রয়েছেন।
এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শিল্পী সংগঠন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (SAG-AFTRA)’-এর সদস্য হয়েছেন। ফলে হলিউডের মূলধারার অভিনয়ে তার জন্য নতুন দুয়ার খুলে গেছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘এম আর-৯: ডু অর ডাই’ ছিল তার হলিউড যাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকার কারণে হলিউডে কাজের সুযোগ পাচ্ছেন এবং সেদিকেই মনোনিবেশ করছেন।
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এ সম্মাননা নিঃসন্দেহে বাংলাদেশের শিল্পী সমাজের জন্যও এক গর্বের বিষয়।



















