রমজান উপলক্ষে বাউফলে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৩:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১৯১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস।
সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল পাবলিক স্কুল সংলগ্ন চৌধুরী মঞ্জিলের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রত্যেক উপকারভোগীর হাতে তুলে দেওয়া হয় একটি করে মুরগি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট ট্যাং এবং ২ কেজি আলু।
সংগঠনের প্যানেল সদস্য জুবায়দা শিরিন জানান, দীর্ঘদিন ধরেই তারা নিয়মিতভাবে অসহায় ও প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রমজান উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য প্রভাষক নাঈমা ফেরদৌসীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



















