অসুস্থ বাবাকে দেখা হলোনা নুসরাতের!
- আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন বাবাকে দেখা হলো না নুসরাতের (২৫)।মাদারীপুরের শিবচর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুসরাত নিহত হন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার প্রকৌশলী স্বামী ও তিন বছরের ছেলে।
বাবা স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তাই অসুস্থ বাবাকে দেখতে একমাত্র মেয়ে নুসরাত জাহান (২৫) তাঁর প্রকৌশলী স্বামী আমিনুল ইসলাম ও তিন বছরের ছেলে মুনতাসিরকে নিয়ে ঢাকা থেকে বাসে করে বরিশালে যাচ্ছিলেন নুসরাত।
নুসরাতের বাবার বাড়ি পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে। স্বামীর বাড়ি একই জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে।
শিবচরের সূর্যনগর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ট্রাক ও বাসের সংঘর্ষে মারা যান নুসরাত জাহানসহ চারজন। আহত হন নুসরাতের স্বামী আমিনুল ইসলাম, ছেলে মুনতাসীরসহ ২০ জন। আমিনুল ইসলাম ও তার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত অপর তিনজন হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার জুরকাঠী এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে মো. রিয়াজুল ইসলাম (৩৮), বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪) ও সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮)।
নিহত নুসরাতের চাচাতো ভাসুর আবদুল বারেক বলেন, নুসরাত জাহান তাঁর একমাত্র ছেলে মুনতাসীর ও প্রকৌশলী স্বামী মো. আমিনুল ইসলামকে নিয়ে ঢাকায় বসবাস করেন। গত মঙ্গলবার(২১ ফেব্রয়ারি) নুসরাতের বাবা মো. জাকির হোসেন তালুকদার স্ট্রোক করলে তাকে বাউফল থেকে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে স্বামী-সন্তানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালের পথে রওনা হন নুসরাত। হানিফ পরিবহনের বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষে দুর্ঘটনায় নুসরাতসহ চারজন নিহত হন। আহত হন নুসরাতের স্বামী মো. আমিনুল ইসলাম ও শিশু মুনতাসীর । তারা বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন নুসরাতের বাবা মো. জাকির হোসেন তালুকদার এখনো জানেন না তার একমাত্র মেয়ে আর বেঁচে নেই। নুসরাতের স্বামীকেও জানানো হয়নি তার স্ত্রীর মৃত্যুর সংবাদ।
এঘটনায় নিহত নুসরাতের বাবা বাড়ি বাউফলের পাতিলাপাড়ায় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।


















