দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ, আইফোন কেনা বাবাকে আটক
- আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুসন্তানকে ১ লাখ টাকায় বিক্রি করে সেই অর্থ দিয়ে আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মারুফ ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন এমন খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার দেড় বছরের ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। শিশুটিকে তার দাদী মাহফুজা বেগম সাজিয়ে বাবার সঙ্গে দেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাবা-ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।
পরে মারুফের মামা বাহাদুর মিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে ১ লাখ টাকায় ছেলে মুসাকে দিয়ে দিয়েছেন। এরপর তিনি ঢাকায় চলে যান বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবারের অভিযোগ, শিশুকে দেওয়ার বিনিময়ে পাওয়া টাকা দিয়ে মারুফ তার পুরোনো মোবাইল ফোন পরিবর্তন করে একটি আইফোন কেনেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে।


















