পটুয়াখালীতে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জবি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ১০:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে কর্মরত দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার সংবাদকর্মী ও বাউফল প্রেসক্লাবের সহযোগী সদস্য মো. রইসুল ইসলাম ইমনের সাথে পটুয়াখালীর বাউফল পৌরসভার স্থানীয় এক কাউন্সিলরের ছোট ভাই মো. সুমন আকনের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সোমবার (৭ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার, ৫ আগস্ট ২০২৩ ইং আনুমানিক বিকেল ৫ টার দিকে সংবাদকর্মী মো. রইসুল ইসলাম ইমন স্থানীয় দুইজন যুবকের সাথে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে একটি চায়ের দোকানে চা খেতে থামে। সে প্রায় সময় ওখানে চা খায়। সেদিন সংবাদকর্মী ইমন ও তার সঙ্গীরা চায়ের আলাপে পাশের একটি নতুন রাস্তা সম্পর্কে আলোচনা করছিলেন। এতে সেই কাউন্সিলরের ভাই মো. সুমন আকন ক্ষিপ্ত হয়ে ওঠে। রাস্তার সংবাদ করতে আসছে ভেবে সংবাদকর্মী মো. রইসুল ইসলাম ইমনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকতাকে হেয় করে গালমন্দ করেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। আমরা মনে করছি এ ঘটনায় একজন সংবাদকর্মী ও সচেনত নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা সংবাদকর্মীদের নিরাপত্তা চাই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি এবং চিনহিত ব্যক্তির বিচারের দাবি জানাচ্ছি।


















