বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি
- আপডেট সময় : ১১:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বর্ণাঢ্য ও বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে বাউফল শহর।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজয়ের মূল তাৎপর্য হলো একটি মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত থাকবে এবং সবাই ন্যায়বিচার পাবে। তিনি দেশকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ড. মাসুদ আরও বলেন, ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়, আর এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। তিনি মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।


















