বাউফলে দুস্থ ও অসুস্থ শামিমের সঙ্গে প্রতারণা, পরে অজানা ব্যক্তির সহায়তা
- আপডেট সময় : ০৩:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৪৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক দরিদ্র ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। তিলে তিলে জমানো কষ্টার্জিত ২ হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শামিম (৫৫) দীর্ঘদিন ধরে বাউফল উপজেলা পরিষদের সামনে অবস্থিত কয়েকটি চায়ের দোকানে কলসি টেনে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করে আসছেন। চায়ের দোকানিরা সামান্য পারিশ্রমিক দিলেও সেই অর্থই সঞ্চয় করে রেখেছিলেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার একটি প্রতারক চক্র খুচরা টাকা নেওয়ার কথা বলে শামিমের কাছ থেকে ২ হাজার টাকা নেয় এবং বিনিময়ে তাকে ১ হাজার টাকার দুটি নোট দেয়। পরে একটি দোকানে গিয়ে নোট দুটি জাল বলে নিশ্চিত হন শামিম। বিষয়টি বুঝতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বাউফল পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন বলেন, একজন অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পরিশ্রমের টাকা এভাবে প্রতারণা করে যারা নিয়েছে, তাদের ওপর আল্লাহর গজব পড়ুক।
স্থানীয় ব্যবসায়ী ফোরদৌস ভুট্ট বলেন, এ ঘটনায় জড়িত প্রতারকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে ঘটনার পর আজ রবিবার সকালে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে অজানা এক ব্যক্তি শামিমকে সহায়তা হিসেবে ১ হাজার টাকা প্রদান করেন। এতে কিছুটা হলেও শামিমের কষ্ট লাঘব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


















