বাউফলে পারসিয়ান বিড়াল ঘিরে কৌতূহলী জনতা
- আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৪২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফল শহরের কলেজ রোড এলাকায় একটি পারসিয়ান জাতের বিড়ালকে কেন্দ্র করে কৌতূহলী জনতা ভিড় জমিয়েছে। স্থানীয় মুদি ব্যবসায়ী হাবিবুর রহমানের বাসায় বর্তমানে বিড়ালটি রয়েছে।
জানা গেছে, ৩-৪ দিন আগে বিড়ালটি একটি চলন্ত প্রাইভেট কারের খোলা জানালা দিয়ে লাফিয়ে রাস্তায় পড়ে যায়। গাড়িতে থাকা বিড়ালের মালিক তখন অনেক খোঁজাখুঁজি করেও সেটিকে না পেয়ে হতাশ হয়ে চলে যান। তবে তিনি কাউকে তার ঠিকানা দেননি, ফলে বিড়ালের প্রকৃত মালিকের পরিচয় জানা যায়নি।
পরবর্তীতে, এক কিশোর কলেজপাড়ায় তার নানা বাড়িতে বেড়াতে এসে গাছের ডালে বিড়ালটিকে দেখতে পায়। ভয় পেয়ে সে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে বিড়ালটি ধরে ফেলে।
বর্তমানে বিড়ালটি হাবিবুর রহমানের ছেলে আবু বকরের তত্ত্বাবধানে রয়েছে। তিনি জানান, “আমি বিড়ালটিকে যত্ন সহকারে রাখছি। যদি প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়, তাহলে আমি সেটি ফেরত দিয়ে দেবো।”
বিড়ালটির প্রকৃত মালিক যদি এই সংবাদ জানতে পারেন, তবে তিনি কলেজ রোড এলাকায় হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে পারেন।


















