বাউফলে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে ফুলেল সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ২৬৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা থেকে বাউফলের কাগুজিরপোল বাসস্ট্যান্ডে পৌঁছালে সহস্রাধিক নেতাকর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় নেতাকর্মীরা আনন্দ মিছিল সহকারে তাকে হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারের বাসভবনে অবস্থিত বিএনপির কার্যালয়ে নিয়ে যান। সেখানে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, বাউফলের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় ঐক্যবদ্ধ। বিএনপি অতীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। বাউফলে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করে আগামী আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা পালন করা হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাউফলবাসী অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র ও জুনিয়র নেতৃবৃন্দ।


















