বাউফলে সুলভ মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, মাপে কম দেওয়ার দাবি সুবিধাভোগীদের
- আপডেট সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সুলভ মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি পয়েন্টে ডিজিটাল মিটারের পরিবর্তে বালতি দিয়ে চাল মাপা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। এতে ৩০ কেজি চালের মূল্য পরিশোধ করেও অনেকেই কম চাল পাচ্ছেন বলে দাবি তাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউফল উপজেলায় বর্তমানে ২১টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্যের চাল বিক্রি করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী প্রতি কেজি ১৫ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারেন।
সোমবার দাসপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় রাকিব নামের এক ডিলারের প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, তার কর্মচারীরা বালতি দিয়ে চাল মেপে বিতরণ করছেন। এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী অভিযোগ করে বলেন, বালতি দিয়ে মাপার কারণে প্রায় চার কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। অথচ ৩০ কেজি চালের সম্পূর্ণ মূল্যই নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রায় দুই ঘণ্টা পর একটি মিটার এনে চাল মাপা শুরু করেন ওই ডিলার।
অভিযুক্ত ডিলার রাকিব হোসেন বলেন, তার কাছে আগে কোনো মিটার ছিল না। পরে ধার করে একটি মিটার এনে চাল বিতরণ শুরু করেছেন। এখন থেকে তিনি মিটার দিয়েই চাল মেপে দেবেন বলে জানান।
অন্যদিকে কালিশুরী ইউনিয়নের একাধিক সুবিধাভোগীও অভিযোগ করেন, সেখানেও মাপে কম চাল দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে ডিলাররা পরবর্তীতে চাল না দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ তাদের।
তবে চাল বিতরণের সময় বেশ কয়েকটি পয়েন্টে ট্যাগ অফিসার বা খাদ্য বিভাগের কোনো কর্মকর্তাকে উপস্থিত দেখা যায়নি।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, মাপে কম চাল দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















