বাউফলে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৯০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের বাসিন্দা মোঃ রফিক মৃধার ছেলে মোঃ ফয়সাল মৃধা (২২) এবং একই গ্রামের মোঃ ইউনুছ মৃধার ছেলে মোঃ রুবেল হোসেন (২০)।
পুলিশ সুত্রে জানা গেছে, বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত আনুমানিক ১ টার দিকে নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক বিক্রির সময় হাতেনাতে ফয়সাল ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেছেন , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


















