বাউফল নাজিরপুর তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে বহিরাগত, বিতর্কিত ও সন্ত্রাসী প্রকৃতির সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা “বিদ্যালয় বাঁচাও, শিক্ষা পরিবেশ রক্ষা করো”, “বহিরাগত ও বিতর্কিত সভাপতি মানি না, মানব না” এবং “কমিটি বাতিল করো, সৎ ও যোগ্য সভাপতি চাই” ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং সুষ্ঠু পরিচালনার স্বার্থে বিতর্কিত ও বহিরাগত কাউকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মেনে নেওয়া হবে না। দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

















