৪ বোতল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫৪ বছরের ব্যক্তি
- আপডেট সময় : ০২:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বগা ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটিফায়েড হোমিও সিরাপ ও বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় মো. মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বাউফল উপজেলার বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশের সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মজিবর রহমান খান বগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানাজোড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বগা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় মজিবর রহমান খানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটিফায়েড হোমিও সিরাপ এবং মাদক বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।


















