আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী ঊর্মি
- আপডেট সময় : ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২৪৯ বার পড়া হয়েছে

সাউথ এশিয়া ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি তিনি ফেলোশিপের মনোনয়নপত্র হাতে পেয়েছেন।
নওরীন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক ফেলোশিপ আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে।
চিঠি সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়ার তরুণ নারীদের গণতান্ত্রিক সম্পৃক্ততা ও নেতৃত্বে উৎসাহিত করতে এ ফেলোশিপের আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)। এ উদ্যোগে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন।
ফেলোশিপে মনোনীত হওয়ার অনুভূতি প্রকাশ করে জান্নাতুল নওরীন ঊর্মি বলেন, ‘দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক জীবনে ফ্যাসিস্ট আমলের নানা আন্দোলন ও জেল-জুলুমের অভিজ্ঞতার পর আজ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জীবনের এক গর্বের ও আবেগময় মুহূর্ত। আন্তর্জাতিক অঙ্গনে নারী নেতৃত্ব হিসেবে দেশকে উপস্থাপন করা শুধু সম্মান নয়, এটা একটি গভীর দায়িত্বও।আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আমাকে যেমন ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করবে, তেমনি বাংলাদেশের যুবসমাজ ও নারীর নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার চেষ্টা থাকবে যেন এই অংশগ্রহণ তরুণ নারীদের স্বপ্ন ও সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার একটি অনন্য পথ হয়ে ওঠে।’
প্রসঙ্গত, ২০২০ সালের ১ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন জান্নাতুল নওরীন। পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার সময় তাকে পিটিয়ে ও কম্পাসের কাঁটা দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করা হয়।ওই ঘটনার পর তার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আদালতের নির্দেশে তার ছাত্রত্ব পুনর্বহাল করা হয়েছে।



















