দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বাউফলে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১১৩ বার পড়া হয়েছে

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি সারা দেশে একযোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে পরবর্তী ৩ মাস প্রতি শনিবার বাউফল উপজেলার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ নিজ বাসাবাড়িতে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বাউফলবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব। আসুন, সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে একটি ‘ক্লিন বাউফল, গ্রীন বাউফল’ গড়ে তুলি।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



















