পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার করা, সড়কে ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, দিনের বেলায় অবৈধ ট্রলি চলাচল বন্ধ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য বিভিন্ন মতামত প্রদান করেন।











