বাউফলের নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
- আপডেট সময় : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২২২ বার পড়া হয়েছে

প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (৫ অক্টোবর) স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও পানি প্রবেশের কারণে নওমালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসতবাড়ি, কৃষিজমি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থায় দুর্ভোগ সৃষ্টি হয়ে আসছিল। এ অবস্থায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে।
উদ্বোধনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের উন্নয়ন মানুষের প্রয়োজনকে সামনে রেখেই করতে হবে। কোথায় কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন বাস্তবায়নে আমরা কাজ করছি।”
তিনি বলেন, নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি প্রবেশের কারণে মানুষের জানমাল, কৃষি ও বসতভিটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। নওমালায় শুরু হওয়া এই বেড়িবাঁধ নির্মাণ শুধু একটি অবকাঠামোগত কাজ নয়; এর সঙ্গে মানুষের নিরাপত্তা, কৃষকের ফসল, বসতভিটা এবং এলাকার ভবিষ্যৎ জড়িত।
বেড়িবাঁধ নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজ জনগণের স্বার্থেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করতে হবে। কাজের মান ও স্থায়িত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে কাজ শেষ করতে হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, বাউফল নদীবেষ্টিত উপজেলা হওয়ায় নদীভাঙন, জলোচ্ছ্বাস, পানি বৃদ্ধি ও জলাবদ্ধতা মোকাবিলায় বিচ্ছিন্নভাবে নয়, দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থা, কৃষিজমি সুরক্ষা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, “উন্নয়নের প্রকৃত সার্থকতা তখনই, যখন সাধারণ মানুষ তার সুফল ভোগ করবে। বাউফলের কোনো ইউনিয়ন, কোনো ওয়ার্ড বা কোনো জনগোষ্ঠী উন্নয়নের বাইরে থাকবে না। মানুষের নিরাপদ বসবাস, কৃষকের স্বস্তি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের উন্নয়নের অন্যতম লক্ষ্য।”
উদ্বোধন শেষে সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। এ সময় দীর্ঘদিনের প্রত্যাশিত বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানান।
বেড়িবাঁধের নির্মাণকাজ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানি প্রবেশের ঝুঁকি কমার পাশাপাশি স্থানীয় মানুষের বসতবাড়ি, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।










