বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
- আপডেট সময় : ১১:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্র ও নিজের এবং বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০-১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা পুড়ে যায়।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তাৎক্ষণিকভাবে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠান। তিনি মুঠোফোনে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন, গভীর দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মাদ উল্লাহ, মোঃ রাকিব হাসানসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাউফল ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।











