বাউফলে ইউপি চেয়ারম্যানের বোনসহ আটক-৪
- আপডেট সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৯০ বার পড়া হয়েছে

বাউফলে একটি বাসা থেকে ৩ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিউটি বেগম (৩৮), মারিয়া (২৫), গোলাপী (২০) ও জুয়েল ঢালী (২৫)। এদের মধ্যে বিউটি বেগম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন এর বোন। অবশ্য ওই বোনের সঙ্গে দীর্ঘদিন থেকে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান এসএম মহসীন।
আটককৃতদের আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ৩নং ওয়ার্ডের বাউফল সরকারি কলেজ এলাকার রমিজ উদ্দিন সড়কের সিদ্দিকুর রহমানের বাসা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে মারিয়া ও গোলাপী পটুয়াখালীর সদর উপজেলার আদালতপাড়া এলাকার বেল্লাল মৃধার মেয়ে এবং জুয়েল ঢালী মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার ইউনুচ ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থাণীয় কয়েক ব্যক্তির ছত্রছায়ায় সিদ্দিকুর রহমানের বাসা ভাড়া নিয়ে বিভিন্ন এলাকা থেকে তরুনীদের এনে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল বিউটি বেগম। এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে শুক্রবার ওই বাসায় অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় বাসার ভেতর থেকে ৩ নারীসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা অসামাজিক কাজে লিপ্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ শনিবার আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



















