বাউফলে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি, নিঃস্ব পরিবার
- আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী পরিবার।
রবিবার (৮ মার্চ ) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষকের নাম মো. বজলু শরীফ (৬৫)।
ভুক্তভোগী বজলু শরীফ বলেন, কষ্ট করে কৃষিকাজ করে খেয়ে না খেয়ে গরুগুলো লালন-পালন করেছি। হঠাৎ সব গরু চুরি হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি বলেন, “আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। এমন পরিণতি আমার জীবনে আসবে কখনও ভাবিনি।”
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো তিনি রাতের দিকে ছাগলছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে ওঠেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। এ সময় রাস্তা দিয়ে ধীরে ধীরে একটি পিকআপ গাড়ি যেতে শুনতে পান, যা শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন বিষয়টি বুঝতে পারেননি। সকালে জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই ঘরবাড়ি, হাঁস-মুরগি ও গরু-ছাগল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত বা আটক করা যায়নি। ফলে এলাকাবাসী চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











