বাউফলে জমি নিয়ে বিরোধের জের দুই ভাই খুন
- আপডেট সময় : ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ৫৬৮ বার পড়া হয়েছে

নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের হামলায় সেলিম মুন্সী (৪৫) ও তার চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী(৫০) খুন হয়েছেন। আজ মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামে ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সেলিম মুন্সী গংদের সাথে চাচাতো ভাই আলাউদ্দিন গংদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী মাহশ্রাদ্দি নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির অদূরে আলাউদ্দিন মুন্সী গংরা তার উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে। এসময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তিনি হামলার স্বীকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা জায়নি।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন,‘ সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর উপর হামলা করে । ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কিভাবে মারা গেছে তা বলতে পারবোনা।’
খবর পেয়ে বাউফল থানার ওসি শোনিত কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ব্যাপারে ওসির কোন বক্তব্য পাওয়া যায়নি।


















