বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১১৬ বার পড়া হয়েছে

নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সারাদেশের ন্যায় পটুয়াখালীর বাউফল উপজেলায়ও শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করছে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



















