বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ দিচ্ছেন ডা. জাকিয়া ফারহানা
- আপডেট সময় : ০৫:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করছেন ঢাকা ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।
গত এক সপ্তাহ ধরে তিনি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। শুধু রোগ নির্ণয়ই নয়, প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
ডা. জাকিয়া ফারহানা জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাউফল আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী।
ডা. জাকিয়া ফারহানা বলেন,“শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, বহু বছর ধরেই আমি স্বামীর বাড়ি এলাকায় বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা দিয়ে আসছি। গত এক সপ্তাহেই অনেক রোগী দেখেছি। সংখ্যার হিসেবে তা এক হাজারেরও বেশি হবে।”
তিনি আরও বলেন,“আমি আমার স্বামীর ভোটের জন্য বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি না। মানবিক দায়বদ্ধতা থেকেই এই সেবা। আমার স্বামী ড. শফিকুল ইসলাম মাসুদ যদি সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষ হয়ে থাকেন, তাহলে মানুষ এমনিতেই তাকে ভোট দেবে।”
উল্লেখ্য, ডা. জাকিয়া ফারহানা শুধু তাঁর স্বামীর ইউনিয়নেই নয়, বাউফল পৌরসভাসহ উপজেলার প্রায় সব ইউনিয়নেই ফ্রি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনি জানান, এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















