বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত মোল্লার ইন্তেকাল
- আপডেট সময় : ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / ১৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (৩৫) ইন্তেকাল করেছেন । তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় ।
তিনি বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে । তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাউফল উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকবার্তায় ভরে ওঠে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাকে কুকুরে কামড় দিয়েছিল। সে সময় যথাযথ চিকিৎসা নেওয়া হয়নি। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তীব্র কাঁপুনি ও বমি শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
সৈকতের চাচা ভাই মাঈন উদ্দিন মোল্লা বলেন, তার মরদেহ নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে । আগামীকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন ,শরীয়তউল্লাহ সৈকত মোল্লা ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী সংগঠক ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।










