বাউফল কমলাপুরের ক্ষুদে ফুটবলারদের পাশে প্রাক্তন শিক্ষার্থী
- আপডেট সময় : ১০:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১১৯ বার পড়া হয়েছে

প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। তাদের অনুপ্রেরণা ও প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান ডেপুটি কর কমিশনার মনজুর রহমান।
সম্প্রতি বিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য তিনি ১৮ জোড়া ফুটবল বুট, দুই সেট জার্সি, দুটি ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী পাঠিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার প্রস্তুতির সময় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। শিক্ষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহযোগিতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি খেলাধুলার প্রতি তাদের আগ্রহও বাড়াবে।
প্রাক্তন এই শিক্ষার্থীর এমন উদ্যোগের পেছনে রয়েছে নিজের ছাত্রজীবনের স্মৃতি। খেলাপ্রেমী হিসেবে পরিচিত মনজুর রহমান মনে করেন, একসময় খেলাধুলার জন্য প্রয়োজনীয় একটি জোড়া অ্যাংক্লেট সংগ্রহ করাও তাঁর কাছে কঠিন ছিল। সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান প্রজন্মের ক্ষুদে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
তাঁর দেওয়া ক্রীড়া সামগ্রীকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তাঁদের মতে, প্রাক্তন শিক্ষার্থীর এই সহযোগিতা শুধু খেলাধুলার সরঞ্জাম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং নিজেদের প্রতিভা বিকাশে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
স্থানীয়দের প্রত্যাশা, মনজুর রহমানের মতো বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরাও ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে তাদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন।



















