সংবাদ শিরোনাম :
ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাই, আওয়ামী লীগ নেতা আটক
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৫৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ মাছ বিক্রিরকালে তিন জনকে আটক করে জরিমানার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী’র উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনাটি ঘটেছে।
মা ইলিশ ও আসামি ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোঃ বশির গাজী জানান, চলমান মা ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। একই ভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন ব্যবসায়ির কাছে মা ইলিশ পাওয়া গেলে তাদের আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, আটককৃত মোঃ হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম
আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার এক ব্যক্তিকে থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :
বাউফল


















