১০ অক্টোবর মুক্তি পাচ্ছে নতুন চলচ্চিত্র ‘অন্ধকারে আলো’
- আপডেট সময় : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নতুন সংযোজন হতে যাচ্ছে আলো–অন্ধকারের মেলবন্ধনের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অন্ধকারে আলো’। আগামী ১০ অক্টোবর ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটি নিয়ে নির্মাতা ও অতিথিরা বিস্তারিত তুলে ধরেন।
প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান নজরুল বলেন,“আমরা সবাই অন্ধকারে বাস করি। কিন্তুরাত যতই দীর্ঘ হোক না কেন, শেষমেষ ভোরের আলো আসে। ‘অন্ধকারে আলো’ সেই ভোরের প্রতীক।”
চলচ্চিত্রের প্রযোজক, বিশিষ্ট সাংবাদিক মীর লিয়াকত আলী জানান, ছবিটি মূলত হতাশাগ্রস্ত মানুষকে নতুন করে বাঁচার দিকনির্দেশ দেবে। তিনি বলেন, “ব্যর্থতা মানেই শেষ নয়; বরং নতুন করে শুরু করার সুযোগ। যারা জীবন শেষ করে ফেলে, তারা কাপুরুষ। এই ছবিটি মানুষকে আশার আলো দেখাবে।”
পরিচালক আনোয়ার সিরাজী বলেন, “তিল তিল করে অন্ধকার থেকে আলোর পথে মানুষকে এগিয়ে নেওয়াই ছবির মূল উপজীব্য। আমাদের সমাজে যেখানে কুসংস্কার ছড়িয়ে আছে, সেখানে ‘অন্ধকারে আলো’ দিকনির্দেশনার আলো জ্বালাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এডিটরস গিল্ডস-এর সভাপতি ও চলচ্চিত্র পরিচালক আবু মুসা দেবু, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ওয়াজেদ আলী বাবলু, আনোয়ার শিকদার টিটন, বজলুর রাশেদ চৌধুরী, রেজা হাসমত, সহ-অভিনেতা ফরহাদ, ববি, জ্যাকি, রাকিব, মুসকান, ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, খ্যাতিমান চিকিৎসক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসিমুল গনি, ড. কাজী ইমদাদুল হক, সাংবাদিক কে এম শহীদুল হক, সংগীতশিল্পী অর্জুন বিশ্বাস, রেহেনা আক্তার জ্যোতি প্রমুখ।
অনুষ্ঠানে ছবির ট্রেলার ও কয়েকটি গানের চিত্রায়ন প্রদর্শন করা হয়। এছাড়া প্রকাশিত হয় একটি মনোরম স্যুভেনির, যা অতিথিদের মাঝে বিতরণ করা হয়।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর মোঃ হাসেমুজ্জামান।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা আশা করছেন, ‘অন্ধকারে আলো’ দর্শকদের মন জয় করে এক অবিস্মরণীয় যাত্রায় নিয়ে যাবে।











