বাউফলে বিএনপি নেতার নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
- আপডেট সময় : ০১:০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার ৭ নং বগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি শিকদারের প্রচারণামূলক ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।
উক্ত ফেস্টুনগুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ছিল।
স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, বগা ইউনিয়নের বামনিকাঠি ও চাবুয়া গ্রামের বিভিন্ন স্থানে গাছের সাথে টানানো এসব ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়।
উক্ত ফেস্টুনগুলোর মাধ্যমে আসন্ন ৭ নং বগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছিল। এ ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে প্রার্থীর ছেলে ফারহান মাহমুদ দ্বীপ জানান, প্রতিপক্ষের কোনো অসাধু চক্র রাজনৈতিক হিংসাত্মক মনোভাব থেকে রাতের আঁধারে নির্বাচনী ফেস্টুনগুলো নষ্ট করেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়নি। তারপরও আমরা খোঁজখবর নিয়ে দেখব।”










